তরুণদের নিয়ে শান্তিপূর্ণ রসায়ন চর্চায় আন্তর্জাতিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগার ও শিল্পখাতে নিরাপদ ও দায়িত্বশীল রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ঢাকায় শুরু হওয়া ‘যুবসমাজের জন্য রসায়নের শান্তিপূর্ণ ব্যবহারবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মশালা সমাপ্ত হয়। এতে বাংলাদেশসহ এশিয়ার ৮টি দেশের ১৭ জন প্রশিক্ষণার্থী এবং দেশি-বিদেশি ৫ জন প্রশিক্ষক অংশ নেন।
অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় তরুণদের মধ্যে রসায়নের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগার ও শিল্পখাতে নিরাপদ রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এতে অংশগ্রহণকারী তরুণদের রসায়নের শান্তিপূর্ণ ব্যবহার, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি এশিয়া অঞ্চলের তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণে রাসায়নিক পদার্থের কৌশলগত বৈশ্বিক সমন্বয়, দ্বৈত ব্যবহারের ঝুঁকি হ্রাস, নিরাপত্তা সংস্কৃতির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আন্তঃদেশীয় নেটওয়ার্ক তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের মধ্যে সুদৃঢ় নৈতিক মূল্যবোধ তৈরির বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর সদস্য সচিব কমডোর মো. মনির উদ্দীন মল্লিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি এশিয়া অঞ্চলের শিক্ষার্থী ও বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, রসায়নের নিরাপদ ব্যবহার শুধু অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেমিক্যাল উইপন্স কনভেনশন বাস্তবায়নে ওপিসিডব্লিউর সব উদ্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন তিনি। একই সঙ্গে প্রশিক্ষণটি আয়োজনের জন্য বাংলাদেশকে নির্বাচন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।
