EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আজ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১১ এএম

আজ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী

শহীদ আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

অ অ

আজ ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা নিয়ে ফেসবুকে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় বলে মামলার নথি ও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) উদ্যোগেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে ডেকে নেওয়া হয়। পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি মারা যান। পরদিন ভোরে হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরে রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। হাইকোর্টও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা বহাল রাখেন। বর্তমানে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আবরার ফাহাদের মৃত্যুর সাত বছর পরও মামলার চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে অপেক্ষা রয়ে গেছে।

আরও পড়ুন