EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রিজন ভ্যান খুলে পিচ্চি রাজার পলায়নে সহায়তা, ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

প্রিজন ভ্যান খুলে পিচ্চি রাজার পলায়নে সহায়তা, ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

আলোচিত ৩০ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজার’ পলায়নের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই একটি প্রাইভেটকারে করে পালিয়েছিলেন তিনি। এ ঘটনায় তার বোনসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

তিনি জানান, ২৯ জন আসামিকে নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে স্কট পার্টির প্রিজন ভ্যান তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে পৌঁছালে সেটি থামানো হয়। এ সময় স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নেন। এরপর পিচ্চি রাজা ও হাজতি আসামি খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে সামনের দিকে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খাইরুল বাশার চালকের পাশের আসনে বসেন। তবে পিচ্চি রাজা ও এসআই প্রবীর ভ্যানে ওঠেননি। পরে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে করে সেখান থেকে পালিয়ে যান পিচ্চি রাজা।

তদন্তে আরও জানা গেছে, পরে রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর এজাহারে উল্লেখ করা ঘটনাস্থলে গিয়ে প্রিজন ভ্যানে ওঠেন এবং স্কট পার্টির সদস্যদের নিয়ে পলায়নের ঘটনাটি সাজান।


পুলিশ কমিশনার জানান, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও আলামতের ভিত্তিতে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট লিডার এসআই প্রবীর কুমার ও চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পালিয়ে যাওয়া পিচ্চি রাজাকে আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাদের মধ্যে পিচ্চি রাজাকে পালাতে সহায়তার অভিযোগে শনিবার দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে নজরদারিতে রাখা হয়েছে।

আরও পড়ুন