দুর্গাপূজায় নৌপথের নিরাপত্তায় বাড়ছে নৌ পুলিশের নজরদারি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নদীপথ, খেয়াঘাট ও পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিয়েছে নৌ পুলিশ। প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করা এবং নৌপথে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়ানো হবে টহল ও ২৪ ঘণ্টার নজরদারি।
রবিবার (৪ অক্টোবর) এ উপলক্ষে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, বিপিএম-সেবা।
সভায় দুর্গাপূজায় সংশ্লিষ্ট পূজামণ্ডপ, নদীপথ ও খেয়াঘাটের নিরাপত্তা, প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষা এবং নৌপথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বলেন, বাঙালির ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপূজা যাতে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীরা নদীপথে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নৌ পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে।
প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত ভিড় এড়ানো, নির্ধারিত সময়ে বিসর্জন সম্পন্ন করা এবং নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া নৌযানে লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নৌপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পেট্রোলিং জোরদার এবং কন্ট্রোল রুমের মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নৌ পুলিশের প্রস্তুতি ও নেওয়া নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন।