EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রূপপুরের ইউরেনিয়াম ঢাকায়, ভোরে যাবে ঈশ্বরদী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ এএম

রূপপুরের ইউরেনিয়াম ঢাকায়, ভোরে যাবে ঈশ্বরদী

ছবি: সংগৃহীত

অ অ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়ামবাহী একটি কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের বাংলাদেশের জনসংযোগ প্রতিষ্ঠান ট্রাইউইন গ্রুপের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান থেকে ইউরেনিয়ামবাহী কনটেইনারগুলো গাড়িতে তুলতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে। এরপর শনিবার (৩ অক্টোবর) ভোরের দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ইউরেনিয়ামবাহী গাড়ি পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের দিকে রওনা হবে।

এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি দেশে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে চালানটি আসেনি। পরে বিকল্প রুটে নতুন করে চালান পাঠানোর ব্যবস্থা করা হয়।

শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী বিমান দেশে আসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুরে নেওয়া হবে।  

রোসাটমের সূচি অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। বিভিন্ন চালানে এসব জ্বালানি দেশে আনা হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। সম্প্রতি ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোসাটম জানিয়েছে, পরীক্ষায় নিয়ন্ত্রণ ভাল্ভগুলোর কার্যকারিতা, নিরাপত্তা ভাল্ভের প্রতিক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয় পরীক্ষা করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রোসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

আরও পড়ুন