বিশ্বম্ভরপুরের মিয়ারচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ এএম
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলটি উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের মিয়ারচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে।
এ সময় জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুম, মাতৃ ও শিশুসেবা, প্রসূতি সেবা এবং কমিউনিটি ক্লিনিকের অন্যান্য চলমান কার্যক্রম ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।
তারা ক্লিনিকের সেবার ধরন, সুযোগ-সুবিধা এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা ক্লিনিকের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে তথ্য জানতে চান।
জাইকা প্রতিনিধি দলের সঙ্গে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন মিয়ারচর কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম, মাতৃ ও শিশুসেবা এবং উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।
পরে জাইকার অর্থায়নে নির্মিত ডেলিভারি রুমসহ কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগেরও প্রশংসা করেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন চন্দ্র বর্মন জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে মাতৃ ও শিশুসেবা এবং প্রসূতি সেবা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মানুষের সেবায়, মানুষের পাশে”—এই অঙ্গীকারে মিয়ারচর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম অব্যাহত থাকবে।
