পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর সেই মন্ত্রেই চলছে বিরোধী দল: রুমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি সংগৃহীত
পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী দলও সেই মন্ত্রেই চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করুন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুমন বলেন, ‘নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের দীর্ঘ সময় কাজ করতে হয়েছে। রাত পর্যন্ত তার সঙ্গে আমাদের কাজ করতে হয়েছে।’
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে আসার পর জাতিসংঘে বাংলাদেশের সফলতা নিয়ে গণমাধ্যমে সংবাদ হবে, টকশোতে আলোচনা হবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু তখনই এমন সব ঘটনা ঘটানো হয়েছে। ফলে সব গণমাধ্যম সেই ঘটনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে।’
রুমন বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের দেশ চালানোর যে সূত্র ছিল, আমাদের বিরোধী গোষ্ঠীও সেই মন্ত্রেই চলছে’
সরকারের কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘আপনি যদি একটা মানুষকে বলেন নদী পার হও, আর তার হাত-পা বেঁধে দেন, উনি কি নদী পার হতে পারবেন? সম্ভব না।’
একটি ভঙ্গুর অবস্থায় দেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারকে সহযোগিতা করা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান। আপনারা সরকারকে সহযোগিতা করুন।’
