EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৫০৭ কোটি টাকার ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

৫০৭ কোটি টাকার ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

অ অ

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বিলের তথ্য অনুযায়ী, মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মঘি গ্রামের মোছা. আলেয়া খাতুনের সেপ্টেম্বর মাসের বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। তবে ওই গ্রাহক এক মাসে বিদ্যুৎ ব্যবহার করেছেন ২৩৫ ইউনিট।

বিলে উল্লেখ করা তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মিটারের রিডিং ছিল ৩৯৫ ইউনিট। এর আগে ৮ আগস্ট রিডিং ছিল ১৬০ ইউনিট। অর্থাৎ এক মাসে ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট বিদ্যুৎ।

এই ব্যবহারের বিপরীতে বিলে ডিমান্ড চার্জ দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ করে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। 

নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব জরিমানাসহ মোট বিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হতে পারে বলেও বিলে উল্লেখ করা হয়েছে।

তবে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব জরিমানাসহ তা দাঁড়ানোর কথা ২ হাজার ৫৬ টাকা।

অস্বাভাবিক এই বিলের বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে এত বড় অঙ্কের বিল তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে সংশ্লিষ্ট জিএমকে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রণালয়।

আরও পড়ুন