ক্ষুদ্র উদ্যোগ ও সৌরবিদ্যুৎ খাতে ৭,২৪৫ কোটি টাকা অর্থায়ন করবে পিকেএসএফ
৬ শতাংশ সুদে ছাদভিত্তিক সোলার ঋণ দেবে পিকেএসএফ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
বিভিন্ন সম্ভাবনাময় খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে পিকেএসএফ। ছবি: সংগৃহীত
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ক্ষুদ্র উদ্যোগ, স্যানিটেশন ও সৌরবিদ্যুৎ খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার পরিচালনা পর্ষদের সভায় এ অর্থায়ন কার্যক্রম অনুমোদন দেওয়া হয়। চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে এতে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুমোদিত অর্থের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ৫ হাজার কোটি টাকা বিতরণ করা হবে কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে। এই অর্থ ম্যানুফ্যাকচারিং, সেবা, কৃষি ও ভ্যালু চেইনভিত্তিক কাজে ব্যবহৃত হবে। এর উদ্দেশ্য হলো স্বল্পআয়ের মানুষের দক্ষতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানো।
এছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের দেওয়া ৫০০ কোটি টাকা নিয়ে ‘সৌরশক্তি’ নামে ঋণ নীতিমালা অনুমোদন করা হয়েছে। সহযোগী সংস্থার মাধ্যমে মাত্র ৬ শতাংশ সুদে এ ঋণ পাবেন গ্রাহকেরা। পাশাপাশি কৃষিসহ অন্যান্য উন্নয়নমূলক খাতে সহযোগী সংস্থাগুলোর জন্য আরও ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।