চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ
ডেইলি সান রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরশিয়া গ্রামে একটি বাড়ির মাটির নিচে রাখা ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়েছে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোহাম্মদ ইয়াহিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ঘরের টিনের চালা উড়ে যাওয়াসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, বাড়ির একটি ঘরের মাটির নিচে ককটেলগুলো মজুত ছিল। বিস্ফোরণের পর বাড়ির লোকজন সেখান থেকে চলে যান। স্থানীয়রা জানান, একসঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইয়াহিয়া (৪৭) নরশিয়া গ্রামের ইসহাক আলীর ছেলে। তিনি স্থানীয় জামায়াত নেতা মাওলানা মুসার ভাতিজা এবং জামায়াতের সমর্থক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সীমান্তসংলগ্ন নতুন সাঁকো এলাকার একটি মাছের ঘের নিয়ন্ত্রণ নিয়ে ইয়াহিয়ার সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরেও ককটেলগুলো মজুত করা হয়ে থাকতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তবে বিষয়টি নিশ্চিত নয়।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, রাতে ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে ঘরের চাল উড়ে যায়। মাছের ঘের নিয়ে এলাকায় উত্তেজনা ছিল এবং তিনি দুই দিন আগে প্রশাসনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় বিষয়টি জানিয়েছিলেন।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমান জানান, জহুরপুর সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নরশিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
