EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাদক ও বাল্যবিবাহের তথ্য দিলে মিলবে পুরস্কার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

মাদক ও বাল্যবিবাহের তথ্য দিলে মিলবে পুরস্কার

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকার কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য দিলে পুরস্কার দেবে জেলা প্রশাসন। ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে এসব তথ্য জানানো যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও বাল্যবিবাহের তথ্য ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে জানালে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বশীলভাবে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা ব্যক্তিদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য জানা থাকলে ‘হ্যালো ডিসি’র মাধ্যমে তা জানানো যাবে। 

তিনি বলেন, তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা দায়িত্বশীলভাবে তথ্য দিয়ে এসব অপরাধ প্রতিরোধে সহযোগিতা করবেন, তাদের পুরস্কৃত করা হবে।

জেলা প্রশাসন জানায়, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনগণের অংশগ্রহণ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে অপরাধের তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তথ্য জানাতে hellodc.bd ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। এ ছাড়া গুগল প্লে স্টোর থেকে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ব্যবহার করা যাবে। সরাসরি ০৯৬৩৯০০৬০৬০ নম্বরে কল করেও তথ্য দেওয়া যাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক তথ্যদাতার পরিচয় গোপন রেখে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি তথ্যদাতার ঠিকানায় উপহার পৌঁছে দেওয়া হবে।

প্রশাসনের আশা, এ উদ্যোগের মাধ্যমে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন