EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাঞ্ছারামপুরে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

বাঞ্ছারামপুরে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

ছবি: ডেইলি সান

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখ্খা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আজগর আলী সরকার বাড়ি ও সফু সরকার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৩০ জুনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সফু সরকার বাড়ির লোকজন এলাকা ছেড়ে ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, ওই বিরোধের জের ধরে সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষের ওপর হামলা করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে কয়েকজন গুলিবিদ্ধ হন।


আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি, পাঁচটি ককটেল ও একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন