জলবায়ু পরিবর্তনে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ: সাইমুম
ডেইলি সান রিপোর্ট, নিউইয়র্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ এএম
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। ছবি: সংগৃহীত
বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অংশ ০.৫ শতাংশেরও কম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১-২ শতাংশ সমপরিমাণ ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাইডলাইনে আয়োজিত ‘এক্সপ্যান্ডিং দ্য ফাইন্যান্স বেস: দ্য আরজেন্ট কেস ফর স্কেলিং আপ লস অ্যান্ড ড্যামেজ ফাইন্যান্স’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন তিনি।
সেখানে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাইমুম পারভেজ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের জন্য পূর্বানুমানযোগ্য ও টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এই তহবিলে সহজ ও সরাসরি প্রবেশাধিকার এবং দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা থাকতে হবে।
সাইমুম পারভেজ আরও বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে অর্থ যাতে কার্যকরভাবে পৌঁছায়, সে জন্য যথাযথ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তার মতে, উন্নত দেশগুলোর সরকারি অর্থায়নকে লস অ্যান্ড ড্যামেজ অর্থায়নের মূল ভিত্তি হিসেবে রাখতে হবে। অতিরিক্ত অর্থায়নের অন্যান্য উৎস যেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) ও প্যারিস অ্যাগ্রিমেন্টের আওতায় উন্নত দেশগুলোর দায়বদ্ধতার বিকল্প হিসেবে বিবেচিত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
