এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: সংগৃহীত
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান আদালতে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, দুই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুজনের একটি অনুসন্ধান টিম কাজ করছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের অর্থ বা সম্পদ হস্তান্তর কিংবা বেহাত করার চেষ্টা করা হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের দাবি, অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর করা হলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে ব্যাংক হিসাবগুলোতে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
আদালত দুদকের আবেদন বিবেচনা করে আবু হেনা রহমাতুল মুনীম ও ঈদতাজুল ইসলামের নামে থাকা ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন।
