EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গৃহায়ণ কমিটির প্রথম বৈঠকে দুর্নীতি রোধে কঠোর অবস্থান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

গৃহায়ণ কমিটির প্রথম বৈঠকে দুর্নীতি রোধে কঠোর অবস্থান
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালসহ কমিটির সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১৮০ দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিভাজন ও ব্যয় পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ৪৪টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে মোট ৩ হাজার ৫১৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ছয়টি প্রকল্পে বরাদ্দ ১ হাজার ৩১৪ কোটি ৩৬ লাখ টাকা।

বৈঠক শেষে শেখ মুজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন, শহরের শিশু-কিশোরদের বিনোদন ও স্বাস্থ্য সুরক্ষায় খেলার মাঠ ও পার্কের ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে। এ সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকাকে আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে ধাপে ধাপে সংস্কার ও উন্নয়নকাজ হাতে নেওয়ার কথাও জানানো হয়েছে। পুরান ঢাকার পুনর্গঠনে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে।

সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ বর্গফুট ছাদে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম চলছে বলেও বৈঠকে জানানো হয়।

পরিত্যক্ত ও বিতর্কিত প্লটের জটিলতা নিরসনে নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের সুপারিশ করা হয়েছে। এতে ভুক্তভোগীদের আইনি অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সরকারি ও জাতীয় সম্পত্তি দখলদারদের কাছ থেকে উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ল্যান্ড ব্যাংক গঠন ও অটোমেশন প্রক্রিয়া চালুর কথা জানানো হয়েছে। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্ল্যান অনুমোদনের দীর্ঘসূত্রতা কমিয়ে তা ‘ওয়ান স্টপ সার্ভিসে’ উন্নীত করার দাবি জানানো হয়েছে।

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকারি ভবনের স্থায়িত্ব পরীক্ষা ও সংস্কারের চলমান প্রকল্প নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ৪২টি জেলায় নতুন প্রকল্প নেওয়ার কথা বৈঠকে তুলে ধরা হয়।

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে জানান শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, দুর্নীতি রোধে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংসদ ভবন প্রাঙ্গণে বর্ষাকালে পানি পড়ার বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে দৃষ্টি আকর্ষণ করেন কমিটির সভাপতি।

বৈঠকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি, মো. লুৎফুজ্জামান বাবর এমপি, মো. মোশারফ হোসেন এমপি ও ফেরদৌসী আহমেদ এমপি। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন