EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

ছবি: ডেইলি সান

অ অ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ১৯তম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন, একাডেমিক উৎকর্ষ এবং অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ও কাউন্সিল অব দ্য কলেজের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় ডিজিএমএস মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, এএফএমসি কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাসুদুল আলম মজুমদার এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলের সদস্য এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

কাউন্সিল সভায় এএফএমসির বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ২৯তম ব্যাচের ক্যাডেট ভর্তি, একাডেমিক ভবন ও মহিলা ডরমেটরির বর্ধিতাংশ নির্মাণ এবং জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


এছাড়া নিজস্ব ডেডিকেটেড ট্রেইনিং হাসপাতাল প্রতিষ্ঠা, ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যাডেট সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে এএফএমসির শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা আরও বাড়বে এবং সশস্ত্র বাহিনী ও দেশের জন্য দক্ষ, মানবিক, নৈতিক ও আধুনিক চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

কাউন্সিল সভা শেষে সেনাপ্রধান ও কাউন্সিলের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান এএফএমসির ক্লিনিক্যাল স্কিলস অ্যান্ড সিমুলেশন ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তিনি ল্যাবরেটরিটি আরও আধুনিক ও সম্প্রসারিত পরিসরে স্থানান্তরের লক্ষ্যে নির্ধারিত নতুন স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন