EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দক্ষ সিভিল সার্ভিস গড়তে দক্ষতাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা জরুরি: আব্দুল বারী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

দক্ষ সিভিল সার্ভিস গড়তে দক্ষতাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা জরুরি: আব্দুল বারী

ছবি: সংগৃহীত

অ অ

দক্ষ, পেশাদার ও ভবিষ্যতের চাহিদা মোকাবিলায় দক্ষ সিভিল সার্ভিস গড়ে তুলতে দক্ষতাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত ‘ডিজিটাল কম্পিটেন্সি অ্যান্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক (ডিজক্যাফ)’ নিয়ে আয়োজিত ভ্যালিডেশন সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা চিহ্নিত ও উন্নয়নে ডিজক্যাফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জেনারেল কম্পিটেন্সি ফ্রেমওয়ার্কের মাধ্যমে জনপ্রশাসনের পরিবর্তিত চাহিদার সঙ্গে প্রশিক্ষণ, কর্মজীবনের উন্নয়ন ও কর্মদক্ষতার আরও কার্যকর সমন্বয় করা সম্ভব হবে।

জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ জুনকো তাকাহাশি বলেন, ডিজিটাল প্রযুক্তি, ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্ল্যাটফর্মভিত্তিক সেবা সরকারের কার্যক্রমে বড় পরিবর্তন আনছে। এর ফলে নাগরিকদের উন্নত সেবা দেওয়া, প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ করা, তথ্য-প্রমাণের ভিত্তিতে নীতি প্রণয়ন এবং স্বচ্ছতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ডিজিটাল সরকার শুধু প্রযুক্তির বিষয় নয়। এর সঙ্গে প্রতিষ্ঠান, মানুষ, কাজের প্রক্রিয়া ও আস্থার বিষয়টিও জড়িত। ভবিষ্যতের ডিজিটাল সরকারের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিসকে প্রস্তুত করতে ডিজক্যাফ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৈরি ডিজক্যাফে ডিজিটাল দক্ষতার চারটি ক্ষেত্র ও ১২টি মূল দক্ষতা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির (কেএসএ) ভিত্তিতে কর্মকর্তাদের দক্ষতা মূল্যায়নের পদ্ধতি রাখা হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে নভেম্বর ২০২৬ থেকে এটি ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে বলে সেমিনারে জানানো হয়।

সেমিনারে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

আরও পড়ুন