মধ্যপ্রাচ্য সংকট ও ভর্তুকির চাপে তেলের দাম বৃদ্ধি: প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে ভর্তুকির চাপ সামলাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম না বাড়ালে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া বিভিন্ন সহায়তা কার্ড এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যেত।
গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর এসব সেবা চালু রাখতেই সরকার এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সরকারের এই পরিস্থিতি সাধারণ মানুষ ইতিবাচকভাবে মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করবে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশা করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে তেলের দামও আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। প্রয়োজনে আগের চেয়েও কমানো হতে পারে।
