EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জ্বালানি সাশ্রয়ে কড়াকড়ি, বিয়েতে এক পদ খাবারের নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ এএম

জ্বালানি সাশ্রয়ে কড়াকড়ি, বিয়েতে এক পদ খাবারের নির্দেশ

ছবি: সংগৃহীত

অ অ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্নের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে নতুন কৃচ্ছ্রসাধন প্যাকেজ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এর আওতায় সরকারি যানবাহন কেনায় নিষেধাজ্ঞা, সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো এবং বিয়ের অনুষ্ঠানে এক পদের খাবার পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পাকিস্তানের ক্যাবিনেট ডিভিশন। এতে বলা হয়েছে, ঘোষিত পদক্ষেপগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। কিছু বিধিনিষেধ অন্তত তিন মাস বহাল থাকবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, বিয়েসহ সব ধরনের বিবাহ-সংক্রান্ত অনুষ্ঠান ও আয়োজনে মাত্র এক পদ খাবার পরিবেশন করতে হবে। জ্বালানি ব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যয় কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া দোকান, বাজার, শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও মুদি দোকান রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ের হল, মার্কি ও অন্যান্য অনুষ্ঠানস্থল রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।

রেস্তোরাঁ, ক্যাফে, খাবারের দোকান ও অন্যান্য ফুড আউটলেট রাত ১১টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পার্সেল ও হোম-ডেলিভারি সেবা এই সময়সীমার আওতামুক্ত থাকবে।

সরকারি কর্মকর্তাদের জন্য নৈশভোজের আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে। তবে বিদেশি প্রতিনিধিদল অংশ নেওয়া অনুষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞায় ছাড় থাকবে।

নতুন প্যাকেজে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি গাড়ির জ্বালানি ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মেয়াদ অন্তত তিন মাস রাখা হয়েছে।

এর আগে গত মার্চে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে উদ্বেগ তৈরি হলে একই ধরনের কৃচ্ছ্রসাধন ব্যবস্থা নিয়েছিল পাকিস্তান। তখন দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ, সরকারি কর্মকর্তাদের জ্বালানি ব্যবহার কমানো এবং কর্মীদের বাড়ি থেকে কাজ করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আগের জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপগুলো পুনরায় চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে।

নতুন ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও ব্যয় কমানোর কর্মসূচি সরকারি খাতের পাশাপাশি ব্যবসা, বিনোদনকেন্দ্র ও সামাজিক অনুষ্ঠানেও বিস্তৃত করেছে ইসলামাবাদ। সরকারের লক্ষ্য হলো জ্বালানি ব্যবহার কমানোর পাশাপাশি অর্থনৈতিক চাপের মধ্যে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা।

আরও পড়ুন