মিরপুরে জে-ক্রিয়েশনের ৩.৭৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে অনলাইনভিত্তিক পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গত ১৩ সেপ্টেম্বর জে-ক্রিয়েশনে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির ঠিকানা ব্লক-ডি, রোড নম্বর-২৫, বাড়ি নম্বর-৪২, সেকশন-১২, মিরপুর, ঢাকা।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সিপিইউসহ বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়।
জব্দ করা দলিল ও বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এ বিষয়ে সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। রাজস্ব ফাঁকির ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
Recommended Stories
আরও পড়ুন
