ডেঙ্গু প্রতিরোধে বাঞ্ছারামপুরে পরিচ্ছন্নতা অভিযান
দুর্গারামপুর ব্রিজ এলাকায় আগাছা-ঝোপঝাড় পরিষ্কার, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান
ডেইলি সান রিপোর্ট, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুর পৌরসভার দুর্গারামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন স্থান চিহ্নিত করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, আঙিনা, রাস্তার পাশ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এ সময় কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং অপ্রয়োজনীয় পাত্র, টব, ড্রামসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
পৌরসভা কর্তৃপক্ষ আরও জানায়, নিয়মিত পরিচ্ছন্নতা ও সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।