ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, একদিনে আক্রান্ত ১১
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হামে নতুন রোগী নেই
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে।
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে একই সময়ে হামে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন দুজন। নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। তাদের মধ্যে ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে হামের সর্বশেষ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। চলতি বছরের হিসাবে জেলায় এ পর্যন্ত ৪৬৪ জনকে হাম রোগের সন্দেহে পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩৭০ জন। এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬৮ জন।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্বরসহ ডেঙ্গু বা হামের কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদানের আওতায় আনার ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।