ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, রূপগঞ্জ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সরদার মো.সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে।’
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পাড়াগাঁও ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজনে আরও ছিল রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে সকলে মিলেমিশে প্রতিটি এলাকায় কাজ করতে হবে।’ এসময় তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবা উন্নতিকরণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) বলেন, ‘রূপগঞ্জে ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে গড়ে ৪০ হাজার মানুষের জন্য একটি করে বেড বরাদ্দ রয়েছে।’ তিনি ১৫১ থেকে বাড়িয়ে ২৫১ বেড হাসপাতালে রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কয়েক হাজার মানুষকে ১৩ টি আলাদা বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখে বিনামূল্যে চিকিৎসা পত্র এবং ঔষধ দেওয়া হয়।
আয়োজিত মেডিক্যাল ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮ এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
মেডিক্যাল ক্যাম্পিংয়ের সভাপতিত্ব করেন রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব এড. মাহফুজুর রহমান হুমায়ুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।