EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএনসিসির ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে নামল দুদক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

ডিএনসিসির ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে নামল দুদক
অ অ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ওয়াকিটকি কেনায় দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী এবং সংশ্লিষ্ট পরিচালককে তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, এ-সংক্রান্ত চিঠি ৩ সেপ্টেম্বর প্রধান কার্যালয় থেকে জারি করা হয়। এতে বিধি অনুযায়ী অভিযোগটি অনুসন্ধান করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ অনুযায়ী উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে অনুসন্ধানকারী কর্মকর্তা করা হয়েছে। পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১)-কে তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে অনুসন্ধানকারী কর্মকর্তাকে বিধি অনুযায়ী অনুসন্ধান করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে সুনির্দিষ্ট মতামত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মতামত বা সুপারিশের পক্ষে প্রয়োজনীয় রেকর্ডপত্র চিহ্নিত করে প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, এই অভিযোগের বিষয়ে এর আগে ২০২৫ সালের ২১ ডিসেম্বর একটি স্মারক জারি করা হয়েছিল। পরে ২০২৬ সালের ৮ জানুয়ারি অভিযোগটি অনুসন্ধানের জন্য ইআর (এনফোর্সমেন্ট রিকুইজিশন)–সংক্রান্ত নথি তৈরি করা হয়।

এসব প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিল দুদক।

আরও পড়ুন