ঘোড়াঘাটের ঋষিঘাট গঙ্গাস্নান মেলা সম্পন্ন, হাজারও পুণ্যার্থীর অংশগ্রহণ
করতোয়া নদীর তীরে ঋষিঘাটে ভোর থেকে গঙ্গাস্নান, প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বার্ষিক এই ধর্মীয় মেলা
ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:২০ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঋষিঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান মেলা। ছবি: ডেইলি সান
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ঋষিঘাটে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান মেলা প্রশাসনের কড়া নজরদারিতে বুধবার (২৪ জুন) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
করতোয়া নদীর তীরে ঋষিঘাটে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে মেলাটি অনুষ্ঠিত হয়। বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, পীরগঞ্জ, পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ এই মেলায় গঙ্গাস্নানে অংশ নেন।
ভোর ৪টা থেকে স্নান শুরু হয়ে বেলা ১টার মধ্যে স্নানপর্ব সম্পন্ন হয়। এরপর আগত ভক্তরা আম, কাঁঠাল, কলা, মুড়ি ও দইসহ বিভিন্ন খাবার একসঙ্গে মিশিয়ে ভক্ষণ করেন এবং বিভিন্ন স্থান থেকে আসা সাধু-সন্ন্যাসীদের কাছে পূজা-অর্চনা করেন। দিনভর চলে গঙ্গাদেবী, শিবসহ অন্যান্য দেব-দেবীর পূজা। মেলায় সাংসারিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও মিষ্টান্নের বেচাকেনাও জমজমাট ছিল।
মেলায় আগত পুণ্যার্থী তিতাস চন্দ্র মহন্ত বলেন, ‘এই জলসরবরে স্নান সম্পন্ন না হলে আত্মার শুদ্ধি আসে না। কথিত আছে, এই মন্দিরে বড় বড় ঋষি-মনীষীর আগমন ছিল এবং তাঁরা এই জলসরবরেই পুণ্যস্নান করতেন।’
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন জানান, মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হয়েছে। ঘোড়াঘাট থানা পুলিশ, চৌকিদার ও স্বেচ্ছাসেবক দলের সমন্বিত প্রচেষ্টায় মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
