EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তলিয়ে গেছে রাস্তাঘাট

সুনামগঞ্জের সব গুলো পয়েন্ট দিয়েই পাহাড়ি ঢলের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:২৩ পিএম

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, তলিয়ে গেছে রাস্তাঘাট

ছবি: ডেইলি সান

অ অ

টানা বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা প্রবল পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক। জেলার সীমান্ত নদী ও ছড়াগুলো দিয়ে প্রবল বেগে পানি ভাটির দিকে ধেয়ে আসায়, জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রবিবার (২১ জুন) সকাল থেকেই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১০০ মিটার (দুর্গাপুর) সড়ক এবং তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক ঢলের পানিতে তলিয়ে গেছে। বর্তমানে সড়কগুলোতে হাঁটু সমান পানি থাকা সত্ত্বেও অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে।

সড়ক দুটি তলিয়ে যাওয়ার কারণে সুনামগঞ্জ জেলা শহর থেকে বিশ্বম্ভরপুর উপজেলা হয়ে পর্যটন এলাকা তাহিরপুরে যাওয়ার পথ প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে চাকরিজীবী, ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং বেড়াতে আসা পর্যটকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন ছড়া দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে, যার ফলে সীমান্ত সড়ক ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং কিছু কিছু বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এছাড়াও যাদুকাটা, কুশিয়ারি, সুরমা, চেলা ও পাটলাইসহ বিভিন্ন সীমান্ত নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল বেগে ভাটির দিকে নামছে।

শক্তিয়ারখলা ও আনোয়ারপুর সড়কের স্থানীয় বাসিন্দারা জানান, পানি যদি এভাবে বাড়তে থাকে তবে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

সিএনজি চালক ফারুক মিয়া বলেন, ‘ভারত থেকে যাদুকাটা নদীর মাধ্যমে নেমে আসা প্রবল স্রোত, সড়ক উপচে পানি ভাটির দিকে যাচ্ছে। আনোয়ারপুর ও ১০০ মিটার সড়কটি দিয়ে কোনো রকমে পানি ঠেলে আসতে পারলেও যেভাবে পানি বাড়ছে সুনামগঞ্জ ফিরতে পারবো কি না সন্দেহ আছে।’

স্থানীয় বাসিন্দা নাজিম মিয়া বলেন, ‘সড়কটি প্রতি বছরেই পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কটি উঁচু করা না হলে এই দুর্ভোগ থেকে রক্ষা পাওয়া কঠিন হবে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন বলেন, ‘পাহাড়ি ঢল আসলেই সড়কটি ডুবে যায়, এখনও কোনো রকমে মানুষ ও যানবাহন চলাচল করছে। তবে পানি বাড়লে নৌকা দিয়ে পার হতে হবে। আর পানি কমে গেলে সমস্যা হবে না। তবে পানি বাড়ছে, বৃষ্টিও হচ্ছে তাতে নিম্নাঞ্চলের পরিস্থিতি অবনতি হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিতে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুনামগঞ্জের সব গুলো পয়েন্ট দিয়েই পাহাড়ি ঢলের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’

আরও পড়ুন