EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিজের বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

সুনামগঞ্জে কোটি টাকার বাড়ি ও সম্পদ দখলের অভিযোগ আপন বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

নিজের বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

ছবি: সংগৃহীত

অ অ

মেক্সিকো প্রবাসী সাজেদা আক্তার বছরের পর বছর বিদেশে কষ্ট করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে বাড়ি বানিয়েছিলেন। কিন্তু দেশে ফিরে সেই বাড়িতেই উঠতে পারছেন না তিনি। নিজের নামে দলিল থাকা সত্ত্বেও বাড়িটি দখলে রেখেছেন তার আপন বড় বোন রংমালা ও ভগ্নিপতি তৈয়বুর রহমান।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা সাজেদা আক্তার দীর্ঘদিন ধরে মেক্সিকোতে বাস করছেন। তার স্বামী বর্তমানে যুক্তরাষ্ট্রে। নিঃসন্তান হওয়ায় আপন বড় বোন ও ভগ্নিপতির ওপর সবচেয়ে বেশি আস্থা রেখে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছিলেন তিনি।

সেই অর্থে জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার বসুন্ধরা আবাসিক কলোনিতে ৬ শতাংশ জমি কেনা হয় এবং একটি বসতবাড়ি নির্মাণ করা হয়। জমির দলিল, নামজারি ও বিদ্যুৎ সংযোগসহ সব কাগজপত্র সাজেদার নামেই রয়েছে। তবু দেশে ফিরে নিজের বাড়িতে ঠাঁই মিলছে না তার।

মামলার অভিযোগপত্রে সাজেদা উল্লেখ করেন, বিদেশে থাকাকালে নগদ অর্থ, ব্যাংক ট্রান্সফার, স্বর্ণালঙ্কার, জমি ক্রয় ও বাড়ি নির্মাণ ব্যয়সহ সব মিলিয়ে প্রায় ১ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকার অর্থ ও সম্পদ বড় বোনের পরিবারের জিম্মায় রেখেছিলেন। দেশে ফিরে সেই অর্থ ও সম্পদের হিসাব পাচ্ছেন না তিনি।

নিরুপায় হয়ে সাজেদা পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কয়েক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগেও দুই পক্ষকে নিয়ে বসা হয়। কিন্তু রংমালা ও তার স্বামী বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত সাজেদা জামালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে সিআইডিতে তদন্তাধীন।

অভিযোগের বিষয়ে রংমালা জানান, দলিল ও নামজারি সাজেদার নামেই আছে। তবে সাজেদা যদি তার সব দাবি-দাওয়া এবং পরিবারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করেন, তাহলে তিনি বাড়ি ছেড়ে দিতে রাজি। রংমালা আরও দাবি করেন, বাড়িটি কেনার সময় তিনি নিজে এক লাখ টাকা দিয়েছিলেন।

সিআইডি ইন্সপেক্টর রমা প্রসাদ জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে এবং শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরও পড়ুন