সুনামগঞ্জ
হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১
গত ১১ জুন অনুমতি ছাড়াই শিশুটিকে চুরি করে পালিয়ে যান কাওসার
ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) ভোররাতে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ জুন আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে এই পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন কাওসার নিজেই। এরপর শিশুটিকে দত্তক নিতে ১৩ জন ব্যক্তি আবেদন করেন। কিন্তু গত ১১ জুন হাসপাতাল ও সমাজসেবা অফিসের অনুমতি ছাড়াই শিশুটিকে চুরি করে পালিয়ে যান কাওসার।
ঘটনার পর পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা থেকে কাওসারকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে ছাতকে তার নানার বাড়ি থেকে কাওসারের স্ত্রী কল্পনা বেগমের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন জানান, শিশুটি এখন সুস্থ আছে। একটি বোর্ড গঠন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য আবেদনকারীর কাছে নবজাতকটিকে দত্তক দেওয়া হবে।