প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন পাবেন নিয়োগপত্র: শিক্ষামন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন বাকি আছেন। তারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন। যারা পাবেন না তাদের নিয়ে আমরা কাজ করব।’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ শুরু করা হয়েছিল।
মন্ত্রী জানান, নিয়োগপ্রক্রিয়ায় আবেদনকারীদের চূড়ান্ত আবেদন ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে। ডিপিও ইস্যুর মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এ সময় অনেকের ভেরিফিকেশন ও ঠিকানা পরিবর্তনের বিষয়ও সামনে এসেছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে নিয়োগপ্রার্থীদের ভেরিফিকেশন করা হচ্ছে এবং পরিবর্তিত ঠিকানার তথ্য নেওয়া হচ্ছে। যাদের নিয়োগ এখনো হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’
