ইকবাল স্কলারশিপে পাকিস্তানে গেলেন আরও ৯ বাংলাদেশি শিক্ষার্থী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষার সুযোগ নিয়ে পাকিস্তানের পথে পাড়ি জমিয়েছেন আরও ৯ বাংলাদেশি শিক্ষার্থী। আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির দ্বিতীয় ধাপে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চতুর্থ ব্যাচের এসব শিক্ষার্থী পাকিস্তানের উদ্দেশে রওনা হন। এ সময় বিমানবন্দরে শিক্ষার্থীদের বিদায় জানান পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।
স্কলারশিপ কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। দ্বিতীয় পর্যায়ের এ কর্মসূচির অধীনে শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দেওয়া হচ্ছে।
চতুর্থ ব্যাচের নয় শিক্ষার্থীর পাকিস্তান যাত্রার মধ্য দিয়ে দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতার ধারাবাহিকতা আরও এগিয়ে গেল। কর্মসূচিটির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি দুই দেশের তরুণদের মধ্যে শিক্ষা ও একাডেমিক যোগাযোগ জোরদারের সুযোগ তৈরি হচ্ছে।
গত বছর কর্মসূচিটির প্রথম পর্যায়ের আওতায় ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের শিক্ষা বিনিময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।