জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ এএম
জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘পলিসি টু প্র্যাকটিস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। এটি পরিবেশ মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ ছাড়া জলবায়ু অর্থায়নে নারীর প্রবেশাধিকার এবং জেন্ডারভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
আলোচনায় বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তমন্ত্রণালয় সমন্বয়, পর্যাপ্ত অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ জরুরি।
অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, ইউএন উইমেন, ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে সরকার, জাতিসংঘের সংস্থা, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
