বন্ড সুবিধায় আমদানি করা ১৩.৩৫ লাখ কেজি কাঁচামালের হদিস নেই
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
চট্টগ্রামের পাহাড়তলীতে বন্ডেড এক্সেসরিজ প্রতিষ্ঠান জ্যাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেড-এ অভিযান চালিয়ে অনলাইন ইউপির তথ্যের সঙ্গে গুদামে থাকা কাঁচামালের বড় ধরনের অসঙ্গতি পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। হিসাব অনুযায়ী থাকার কথা থাকলেও প্রায় ১৩ লাখ ৩৫ হাজার কেজি কাঁচামাল গুদামে পাওয়া যায়নি। এসব কাঁচামালের বিপরীতে প্রায় ৯ কোটি ১০ লাখ টাকার শুল্ক-কর জড়িত রয়েছে।
প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধার আওতায় এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিওপিপি, ডুপ্লেক্স বোর্ড, রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন ধরনের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকে।
পরিদর্শনকালে প্রতিষ্ঠানের অনলাইন ইউপি (ইউটিলাইজেশন পারমিশন) তথ্যের সঙ্গে বন্ডেড ওয়্যারহাউসে বাস্তবে মজুত কাঁচামালের পরিমাণ যাচাই করা হয়। এতে বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়।
অনলাইন ইউপি অনুযায়ী, প্রতিষ্ঠানটির বন্ডেড ওয়্যারহাউসে ১৯,২০,৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা থাকলেও সরেজমিনে পাওয়া যায় ৫,৮৫,৫৮১ দশমিক ২ কেজি।
অর্থাৎ, হিসাব অনুযায়ী থাকার কথা থাকলেও ১৩,৩৫,২৭৫ দশমিক ৮ কেজি বা প্রায় ১৩ লাখ ৩৫ হাজার কেজি কাঁচামাল বন্ডেড ওয়্যারহাউসে পাওয়া যায়নি।
সর্বশেষ আমদানিকৃত বিল অব এন্ট্রিতে ঘোষিত মূল্য অনুযায়ী, না পাওয়া এসব কাঁচামালের মোট শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা। এসব কাঁচামালের সংশ্লিষ্ট শুল্ক-করাদির পরিমাণ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা।
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা বিপুল পরিমাণ কাঁচামালের এ ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কাঁচামালগুলো অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে—তা যাচাই করা হচ্ছে।
বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় দলিলপত্র যাচাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
