কার্তিক মাস বিদায়ের পথে। এর মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
শুক্রবারের (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবারের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে বাগেরহাটের মোংলায় ১৩, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের আরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।