নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম
প্রতীকী ছবি
প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মুরাসু। এটি ভারতের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন তেলেঙ্গানার ওপর অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, মুরাসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) ভোরে গভীর নিম্নচাপটি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন পূর্ব তেলেঙ্গানার ওপর অবস্থান করছিল। এ সময় এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত উঠছিল। নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল।
