EN ☀️
×

Follow Us

আবহাওয়া

বিদায় নিচ্ছে বর্ষা, আসছে শীত

অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা কেন?

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা কেন?

ছবি: সংগৃহীত

অ অ

ক্যালেন্ডারের পাতায় শুরু হয়েছে অক্টোবর। আবহাওয়ার নিয়ম অনুযায়ী এটি বাংলাদেশ থেকে বর্ষা বিদায় এবং শুষ্ক মৌসুম শুরুর সন্ধিক্ষণ। তবে অক্টোবরের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। একদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে, আবার একই সাথে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস।

বৃষ্টি কমে আসার পূর্বাভাসের মধ্যেই কেন ঘূর্ণিঝড়ের শঙ্কা, আর এই বৃষ্টিই বা কতদিন চলবে—তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে। আবহাওয়াবিদদের মতে, এই আবহাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং এটি প্রকৃতির স্বাভাবিক ঋতু পরিবর্তনেরই অংশ।

অক্টোবরের শুরুতে এই বৃষ্টি কেন এবং চলবে কতদিন?

বাংলাদেশের ওপর এখনো বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। সাধারণত অক্টোবরের প্রথম ১০ দিনের মধ্যে এই মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করে এবং শীতের আগমনী বার্তা নিয়ে পশ্চিমা বায়ু (ওয়েস্টার্লি) প্রবেশ করে।

সম্প্রতি মিয়ানমার ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে দুর্বল হয়ে পড়া মৌসুমি বায়ু এবং ধেয়ে আসা পশ্চিমা বায়ুর মধ্যে এক ধরণের ‘জায়গা দখলের লড়াই’ চলছে। এই দুই বায়ুর মিশ্রণ ও জলীয় বাষ্পের কারণে আকাশে মেঘ তৈরি হয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন (১০ অক্টোবর পর্যন্ত) স্থায়ী হতে পারে। এ সময় দেশের পূর্বাঞ্চল এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। ১০ অক্টোবরের পর থেকে বৃষ্টিপাত দ্রুত কমে আসবে।

বৃষ্টি কমলেও কেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস?

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অনেকের কাছে বৃষ্টি কমে যাওয়া এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়াকে পরস্পরবিরোধী মনে হতে পারে। তবে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এর মধ্যে কোনো অসঙ্গতি নেই। বাংলাদেশে ঐতিহাসিকভাবেই মৌসুমি বায়ু আসার আগে (এপ্রিল-মে) এবং মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর (অক্টোবর-নভেম্বর) ঘূর্ণিঝড় তৈরির উপযুক্ত পরিবেশ তৈরি হয়। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার এই ক্রান্তিলগ্নে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তনের কারণেই অক্টোবরে ঘূর্ণিঝড়ের প্রবণতা স্বাভাবিক। তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

দীর্ঘায়িত গরমের শঙ্কা

গত তিন-চার বছর ধরে বাংলাদেশে জলবায়ুর এক অদ্ভুত আচরণ দেখা যাচ্ছিল—বর্ষার শুরুতে বৃষ্টি না হয়ে সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। তবে এবার জুন থেকে আগস্টের বর্ষা মৌসুমে প্রকৃতি তার চেনা রূপেই প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছে।

কিন্তু বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতি ‘এল নিনো’-র প্রভাবে এবার বিশ্বজুড়ে ‘ওয়ার্ম উইন্টার’ বা তুলনামূলক উষ্ণ শীতকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত অন্য বছরগুলোতে অক্টোবরের ১০ তারিখের পর বৃষ্টি কমলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। তবে এবার বৃষ্টি কমে যাওয়ার পর সূর্য এখনো দক্ষিণের আকাশে খুব বেশি ঝুঁকে না পড়ায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং শীতের আমেজ আসতে অন্য বছরের তুলনায় একটু বেশি সময় লাগতে পারে।

বিগত বছরগুলোর অক্টোবরে কেমন হয়েছে বৃষ্টি

অক্টোবরে বৃষ্টি হওয়া বাংলাদেশের আবহাওয়ায় নতুন কিছু নয়। ২০২০ থেকে ২০২৪: এই বছরগুলোতে অক্টোবর মাসে দেশে গড়ে ৮,০০০ থেকে ১৯,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালে সারা দেশে মোট ১৯,০১১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

এ বছরের ১লা অক্টোবর সারা দেশে ৩৫ মিলিমিটার বৃষ্টি হলেও, ২ অক্টোবর কেবল সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যেই সারা দেশে মোট ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার বড় অংশই (২১ মিলিমিটার) হয়েছে নেত্রকোনার নিকলীতে।

অক্টোবরের এই বৃষ্টি মূলত বর্ষাকালের শেষ বিদায়ের প্রস্তুতি। আগামী সপ্তাহের পর বৃষ্টিপাত কমে এলে আকাশ পরিষ্কার হবে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও মাসের শেষভাগে গিয়ে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে সমুদ্রের লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের দিকে এখন কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন