বদলাচ্ছে আবহাওয়া, দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের আগেই অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় এ বৃষ্টি হতে পারে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৩ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
