দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে দেশের কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়েও এই তাপপ্রবাহ চলছে, যা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এদিকে পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটির প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও এটি মাঝারি অবস্থায় রয়েছে।
দেশের কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
