বঙ্গোপসাগরে লঘুচাপের তাণ্ডব! ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। আকাশ রয়েছে ঘন মেঘাচ্ছন্ন। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র আরও উত্তাল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৎস্য সংশ্লিষ্টরা জানান, গভীর সমুদ্রে থাকা অনেক মাছ ধরার ট্রলার এখনো উপকূলে ফেরেনি। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে এসব ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার প্রয়োজন হতে পারে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসসকে বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে।