৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস, বজ্রপাত নিয়ে জরুরি নির্দেশনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:১০ এএম
ছবি: সংগৃহীত
৯টি জেলায় রাত ১২টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং বজ্রপাতের শব্দ শোনা মাত্রই ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু কিছু স্থানে রাত ১২টার মধ্যে ঝোড়ো হাওয়া, বজ্রপাত কিংবা বজ্রবৃষ্টির তীব্র আশঙ্কা রয়েছে। একই সময়ে নেত্রকোনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু এলাকাতেও একই ধরনের বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরকে কারিগরি সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা 'রাইমস' (রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম) জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, বজ্রধ্বনির সময় কোনোভাবেই ঘরের বাইরে থাকা নিরাপদ নয়।
সংস্থার আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে কোনো জায়গাই নিরাপদ নয়। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরেই অবস্থান করা উচিত।" তিনি আরও জানান, আকাশে কালো মেঘ দেখা দিলে বা বজ্রপাতের শব্দ পাওয়া গেলে ধান কাটা, মাছ ধরা কিংবা খেলাধুলার মতো খোলা মাঠের সব ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দ্রুত পাকা বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে।
জরুরি নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা জায়গায় দলবদ্ধভাবে না থেকে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করতে হবে। বাড়ির উঠানে ঘোরাঘুরি করা, আম কিংবা শিলা কুড়াতে যাওয়া সম্পূর্ণ পরিহার করা উচিত। পাশাপাশি গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটি কিংবা ছেঁড়া তারের আশপাশে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।