EN ☀️
×

Follow Us

আবহাওয়া

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের বাকি অংশেও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এসব অঞ্চলের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সামগ্রিকভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও আবহাওয়া মূলত আর্দ্র ও বৃষ্টিমুখর থাকবে।

বৃহস্পতিবার (১১ জুন) থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসেও দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

মৌসুমি বায়ু দেশের আরও বিস্তৃত এলাকায় সক্রিয় হয়ে উঠলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। ফলে বজ্রপাত ও দমকা হাওয়ার সময় প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।


আরও পড়ুন