ঈদুল আজহা
আজ ঈদের দিনে যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
রাজধানী ঢাকায় সকালে বৃষ্টির সম্ভাবনা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:৪৮ এএম
ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহায় সারাদেশে আবহাওয়া মোটামুটি স্বস্তিদায়ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে একযোগে বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। দেশের পশ্চিমাঞ্চল— বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং কোথাও বৃষ্টি হলে তা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টা স্থায়ী হতে পারে।
রাজধানী ঢাকায় সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তবে স্বল্পস্থায়ী বৃষ্টির পরই আকাশ মেঘমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অফিস জানায়, ঈদের দিন অতিরিক্ত তাপদাহের আশঙ্কা নেই। কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে বর্তমান তাপমাত্রার কাছাকাছিই আবহাওয়া থাকবে।
ঈদের পরদিন থেকে বৃষ্টিপাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে। ৩ বা ৪ জুন পর্যন্ত বৃষ্টি মূলত স্বল্পস্থায়ী থাকবে— বেশিরভাগ ক্ষেত্রে ৩০ থেকে ৪০ মিনিটের বেশি স্থায়ী হবে না। তবে ৪ জুনের পর বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসতে পারে এবং তখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সার্বিক পরিস্থিতিতে ঈদের নামাজ, কোরবানি ও পারিবারিক আয়োজন বড় ধরনের আবহাওয়াজনিত দুর্ভোগ ছাড়াই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।