বঙ্গোপসাগরের লঘুচাপে টানা পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:১৮ এএম
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।
এই সিনপটিক অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
প্রথম ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পরবর্তী ১৭ থেকে ২০ মে পর্যন্ত সময়েও ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পাশাপাশি ঢাকা, রংপুরসহ অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।