সাশ্রয়ী বৈদেশিক মুদ্রায় অর্থায়ন জরুরী: আইসিসি বাংলাদেশ সভাপতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
রেনেসাঁ হোটেলে আইসিসি বাংলাদেশ ও জার্মানির ওডো বিএইচএফ এসই যৌথভাবে আয়োজিত ‘বৈদেশিক মুদ্রায় আমদানি অর্থায়ন: চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প উৎপাদন ও বিনিয়োগ সচল রাখতে সাশ্রয়ী সুদে বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকার রেনেসাঁ হোটেলে আইসিসি বাংলাদেশ ও জার্মানির ওডো বিএইচএফ এসই যৌথভাবে আয়োজিত ‘বৈদেশিক মুদ্রায় আমদানি অর্থায়ন: চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং বিশ্ববাণিজ্যের অনিশ্চয়তাসহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধিও কমেছে।
তিনি বলেন, আমদানি অর্থায়নে ইউপাস ঋণপত্রের মাধ্যমে আমদানিকারকরা পণ্য সরবরাহকারীদের সময়মতো মূল্য পরিশোধের পাশাপাশি নিজেরা অর্থ পরিশোধের জন্য বাড়তি সময় পান। অন্যদিকে, রপ্তানি ঋণ সংস্থার (ইসিএ) সহায়তায় তুলনামূলক কম খরচে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে মূলধনি যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি ও শিল্প সরঞ্জাম আমদানি করা সম্ভব।
এসব অর্থায়ন সুবিধা দেশের শিল্পের আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, এর জন্য অর্থনীতির সক্ষমতা, রপ্তানি প্রতিযোগিতা, আর্থিক খাতের সংস্কার এবং আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়মনীতি মেনে চলা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে বাণিজ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও শিল্প বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
মাহবুবুর রহমান আরও বলেন, ব্যাংকার, রপ্তানিকারক ও আমদানিকারকদের দক্ষতা বাড়াতে আইসিসি বাংলাদেশ নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করছে। পাশাপাশি আইসিসি একাডেমি এবং লন্ডনের ওয়ালাব্রুক ইনস্টিটিউটের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত প্রশিক্ষণ ও সনদ অর্জনের সুযোগও তৈরি করছে।
সমাপনী অনুষ্ঠানে আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকাররা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাই ঋণ ও বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে গ্রাহক নির্বাচনে আরও সতর্ক হতে হবে। পাশাপাশি গ্রাহকের তথ্য যথাযথভাবে যাচাই এবং সম্ভাব্য ঝুঁকি মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জার্মানির ওডো বিএইচএফ এসই-র পরিচালক ও সিনিয়র রিজিওনাল ম্যানেজার (ইন্টারন্যাশনাল অ্যান্ড কর্পোরেট ব্যাংকিং) থমাস কুয়েতের্তেন এবং আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান।
কর্মশালাটি পরিচালনা করেন ওডো বিএইচএফ এসই-র করিম ডলিভোয়া ও উশি কির্শনার। তাঁরা ইউপাস ঋণপত্র, ইসিএ-সমর্থিত অর্থায়ন, প্রয়োজনীয় কাগজপত্র এবং ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
এ কর্মশালায় মোট ৭৭ জন অংশ নেন। তাঁদের মধ্যে জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ- এর তিনজন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) একজন প্রতিনিধি ছিলেন।
রবিবার (১ নভেম্বর) চট্টগ্রামের হোটেল দ্য পেনিনসুলা চিটাগং-এ একই বিষয়ে আরেকটি কর্মশালার আয়োজন করেছে আইসিসি বাংলাদেশ। এতে ১৭টি ব্যাংকের ৩৫ জন ব্যাংকার এবং ইস্টার্ন ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ১২ জন কর্পোরেট গ্রাহক অংশ নিচ্ছেন।
ঢাকা কর্মশালার দুই প্রশিক্ষক চট্টগ্রামেও প্রশিক্ষণ দিয়েছেন।
মাহবুবুর রহমান ঢাকা ও চট্টগ্রামের উভয় কর্মশালায় পৃষ্ঠপোষকতার জন্য ওডো বিএইচএফ এসই-কে ধন্যবাদ জানান। একই সঙ্গে কর্পোরেট গ্রাহকদের অংশগ্রহণে সহযোগিতার জন্য ইস্টার্ন ব্যাংকের প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন, এসব প্রশিক্ষণ দেশের ব্যাংকার ও ব্যবসায়ীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
Recommended Stories
