EN ☀️
×

Follow Us

বাণিজ্য

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস তেলের দাম, রাত ১২টা থেকে কার্যকর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস তেলের দাম, রাত ১২টা থেকে কার্যকর
অ অ

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে তেলচালিত বিদ্যুৎ উৎপাদনের খরচ কিছুটা বাড়বে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিইআরসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এর পর থেকে নিয়মিত দাম সমন্বয় করছে বিইআরসি।

বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম সর্বশেষ নির্ধারণ করা হয় ২০২৪ সালের ২ আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব করে বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও প্রস্তাব পাঠায় বিইআরসিতে। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি।

আরও পড়ুন