EN ☀️
×

Follow Us

বাণিজ্য

পণ্য ও বাজার বহুমুখীকরণে নতুন রপ্তানি কৌশল সরকারের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

পণ্য ও বাজার বহুমুখীকরণে নতুন রপ্তানি কৌশল সরকারের

ছবি: সংগৃহীত

অ অ

তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে ১৮টি গুরুত্বপূর্ণ বাজারকে লক্ষ্য করে নতুন কৌশল তৈরি করছে সরকার। এসব দেশের বাজারের সম্ভাবনা, বাধা ও প্রতিযোগী দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করে আলাদা কর্মপরিকল্পনা করা হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ এক্সপোর্ট ডাইভারসিফিকেশন স্ট্র্যাটেজি: প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডাইভারসিফিকেশন অ্যাক্রস ১৮ কি ট্রেডিং ডেস্টিনেশনস’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বলেন, রপ্তানি বাড়াতে পণ্য ও বাজার—দুই ক্ষেত্রেই বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ১৮টি বাজারের তথ্য বিশ্লেষণ করে দেশভিত্তিক প্রোফাইল ও বাস্তবায়নযোগ্য কৌশল তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, এসব বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্য, রপ্তানির বাধা ও ব্যবসা বাড়ানোর সুযোগ নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর ভিত্তিতে প্রতিটি দেশের জন্য আলাদা কর্মপরিকল্পনা করা হবে। 

বাণিজ্য সচিব জানান, বাজার বিশ্লেষণে বাংলাদেশের রপ্তানির অংশ, প্রধান প্রতিযোগী দেশ, প্রতিযোগিতা বাড়ানোর উপায় এবং প্রয়োজনীয় নীতিগত উদ্যোগ বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে নতুন পণ্য ও বাজার চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান বাজারে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

কর্মশালায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, রপ্তানি বহুমুখীকরণে পণ্যের পাশাপাশি সেবা রপ্তানিতেও গুরুত্ব দিতে হবে। তথ্যপ্রযুক্তি, দক্ষতাভিত্তিক অর্থনীতি ও ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়াতে দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বাজারে বাংলাদেশের পণ্য ও সেবা রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে হবে।

কর্মশালায় বিজিএমইএ, ফ্লেক্সা, সিপিডি, ওয়ালটন গ্রুপ, বাংলাদেশ এগ্রোপ্রসেসরস অ্যাসোসিয়েশন ও ফার্মাসিউটিক্যালস খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা ওষুধ, ইলেকট্রনিকস, কৃষি ও কৃষিপণ্য, চামড়া, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সেবা খাতের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন