সৌদি ফ্যাশন এক্সপোতে অংশ নিলো বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান
মেলা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন। ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘চতুর্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১১টি শীর্ষস্থানীয় পোশাক ও ফ্যাশন প্রতিষ্ঠান। মেলা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের সহযোগিতায় জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এই ইভেন্টের পর্দা ওঠে।
মেলায় অংশ নেওয়া বাংলাদেশের ১১টি প্রতিষ্ঠান হলো—জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া এপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপপেরেলস, মডেস্ট আট্য্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন ও আল নূর গার্মেন্টস লিমিটেড।
জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবউদ এক্সপোটি উদ্বোধন করেন। এরপর জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার ওসামা কোউকানদি যৌথভাবে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবাসহ বাংলাদেশ কনসুলেট জেনারেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সৌদি ব্যবসায়ী, আমদানিকারক এবং বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
পিরামিডস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এবারের এক্সপোতে বিশ্বের ২৫টিরও বেশি দেশের প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা অংশ নিচ্ছেন। মেলার ৫৫০টিরও বেশি সুসজ্জিত বুথে বিশ্বখ্যাত কোম্পানিগুলো তাদের সর্বাধুনিক গার্মেন্টস, ফ্যাশন ও টেক্সটাইল পণ্য প্রদর্শন করছে।
এ ছাড়া ভিন্ন একটি বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্য, মানসম্মত উৎপাদন ও রপ্তানিযোগ্য পণ্যের তথ্যসমৃদ্ধ চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।