টাওয়ার ছাড়াই ফোনে সংযোগ, স্টারলিংকের সেবা চালু করছে বাংলালিংক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
মোবাইল টাওয়ারের আওতার বাইরে থাকা এলাকাতেও সরাসরি মোবাইল সংযোগ দিতে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) সেবা চালু করতে যাচ্ছে বাংলালিংক। বাণিজ্যিকভাবে এ সেবা চালুর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন পেয়েছে অপারেটরটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে, এ সেবা ব্যবহারে আলাদা কোনো মোবাইল ফোন, স্যাটেলাইট ডিশ বা অতিরিক্ত যন্ত্রপাতির প্রয়োজন হবে না। বাংলালিংকের সংযোগ ও ৪জি-সমর্থিত মোবাইল ফোন থাকলেই ডিটুসি কভারেজের আওতায় এ সুবিধা ব্যবহার করা যাবে।
প্রাথমিকভাবে ডিটুসি সেবার মাধ্যমে এসএমএস, ডেটা মেসেজিং ও হোয়াটসঅ্যাপ কল করা যাবে। বাংলালিংকের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করে এ সেবা দেওয়া হবে।
এর ফলে সাগর, দুর্গম দ্বীপ, উপকূলীয় এলাকা ও পাহাড়ের মতো প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা জায়গায় যোগাযোগের সুযোগ বাড়বে। বিশেষ করে সাগরে মাছ ধরতে যাওয়া জেলে, দুর্গম এলাকার বাসিন্দা ও পর্যটকেরা এ সুবিধা পাবেন।
প্রাকৃতিক দুর্যোগের সময়ও সেবাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য কোনো দুর্যোগে মোবাইল টাওয়ার ও অন্যান্য যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে ডিটুসি ব্যবহার করা যাবে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও স্যাটেলাইটনির্ভর এ যোগাযোগ সুবিধা কাজে আসতে পারে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, এ উদ্যোগের মূল লক্ষ্য প্রযুক্তি নয়, মানুষের যোগাযোগ নিশ্চিত করা। সাগরে থাকা জেলে, দুর্গম এলাকার পরিবার কিংবা দুর্যোগে আটকে পড়া মানুষ যাতে যোগাযোগের বাইরে না থাকেন, সে লক্ষ্যেই স্টারলিংকের সঙ্গে এ সেবা চালু করা হচ্ছে।
বাংলালিংকের দাবি, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে স্টারলিংকের ডিরেক্ট-টু-সেল সেবা চালু হচ্ছে। এর মাধ্যমে ভৌগোলিক কারণে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা আরও বেশি মানুষ যোগাযোগের আওতায় আসবেন।