EN ☀️
×

Follow Us

বাণিজ্য

ইউনানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও ইউনান প্রদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

ইউনানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ছবি: ডেইলি সান

অ অ

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান এফএও) মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানুর সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।

ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শাহানাজ আখতার রানু দুই পক্ষের সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতার নতুন সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


ইয়াং শাওছেং বলেন, গত বছর ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চলতি বছর এ বাণিজ্যে আরও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং বাংলাদেশ ও ইউনান প্রদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করে।

উল্লেখ্য, শাহানাজ আখতার রানু গত ১২ আগস্ট কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন