EN ☀️
×

Follow Us

বাণিজ্য

২৫ বছর পূর্তিতে শেষ হচ্ছে সেমস-গ্লোবালের টেক্সটাইল প্রদর্শনী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

২৫ বছর পূর্তিতে শেষ হচ্ছে সেমস-গ্লোবালের টেক্সটাইল প্রদর্শনী

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করে আজ শনিবার শেষ হচ্ছে সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬। ২ সেপ্টেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

এবারের আয়োজনে টেক্সটাইল ও পোশাকশিল্পের যন্ত্রপাতি, অটোমেশন ও আধুনিক উৎপাদন প্রযুক্তি, সুতা, কাপড়, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, রাসায়নিকসহ বিভিন্ন প্রযুক্তিগত সমাধান প্রদর্শন করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে। স্থাপন করা হয়েছে ২ হাজার ২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়ন। চার দিনে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থী প্রদর্শনীতে এসেছেন।

এবারের আয়োজনে ২৫তম টেক্সটেক বাংলাদেশ, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো এবং ৫৩তম ডাই+কেম বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, স্মার্ট ফ্যাক্টরি, আইওটি, ইন্ডাস্ট্রি ৪.০, ডেটা অ্যানালিটিকস ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

এ ছাড়া চার দিনে পাঁচটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে টেকসই উৎপাদন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, সরবরাহব্যবস্থা, বাণিজ্য সহজীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনশক্তি উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, গত ২৫ বছরে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে প্রযুক্তি, উৎপাদনশীলতা, আন্তর্জাতিক মান ও টেকসই উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। টেক্সটাইল সিরিজ এখন দেশি-বিদেশি ক্রেতা, সরবরাহকারী ও শিল্পসংশ্লিষ্টদের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্ল্যাটফর্ম।

আরও পড়ুন