ঢাকায় ৩ দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস’ প্রদর্শনী উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: ডেইলি সান
ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’। আজ বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রদর্শনীটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বোঝাপড়া, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সময়ের সাথে সাথে আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। তবে আমি বিশ্বাস করি যে, এখনও অনেক উল্লেখযোগ্য সুযোগ কাজে লাগানো বাকি রয়েছে। ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর মতো আয়োজনগুলো এই সুযোগগুলো চিহ্নিত করতে এবং সেগুলোকে অর্থবহ ব্যবসায়িক সম্পর্কে রূপান্তর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি এবং বেসরকারি খাতের বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাণিজ্য সহজীকরণ, অবকাঠামো শক্তিশালীকরণ, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা, ডিজিটালাইজেশনের প্রসার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ‘ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন’ এবং ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাসের ‘অফিস অফ কমার্শিয়াল অ্যাফেয়ার্স’ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
এবারের প্রদর্শনীতে থাইল্যান্ডের ৫৭টি শীর্ষস্থানীয় কোম্পানি অংশ নিয়েছে। এতে প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী, স্বাস্থ্যসেবা পণ্য, শিশুদের পরিচর্যার পণ্য, গয়না, নির্মাণসামগ্রী ও লাইফস্টাইল পণ্যসহ নানা ধরনের উচ্চমানের থাই পণ্য প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের আমদানিকারক ও উদ্যোক্তাদের সাথে সরাসরি সম্পর্ক তৈরির জন্য প্রদর্শনীতে ‘বিজনেস ম্যাচমেকিং সেশন’-এর ব্যবস্থা রাখা হয়েছে।
বাণিজ্য প্রদর্শনীর পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে থাই সাংস্কৃতিক নৃত্য, ঐতিহ্যবাহী ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট প্রদর্শনী, ফ্যাশন শো এবং র্যাফেল ড্র-এর সুবিধা। মেলাটি ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।